Facebook Twitter Instagram YouTube

১১,০০০ কোটি ডলারে ওয়ার্নার ব্রাদার্সকে অধিগ্রহণ করল প্যারামাউন্ট


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ / ০
১১,০০০ কোটি ডলারে ওয়ার্নার ব্রাদার্সকে অধিগ্রহণ করল প্যারামাউন্ট

১১,০০০ কোটি ডলারের বিনিময়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করেছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। এই বিশাল চুক্তির ফলে হলিউড এবং বিশ্বব্যাপী গণমাধ্যম শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, যা লস অ্যাঞ্জেলেসের দুটি বৃহত্তম স্টুডিওকে একীভূত করবে। তবে এই অধিগ্রহণের আগে কয়েক মাস ধরে আইনি বিরোধ ও ব্যাপক সমালোচনা দেখা গেছে। আশঙ্কা করা হচ্ছিল যে, ব্যয় কমানো এবং ব্যবসা একীভূত করার পদক্ষেপ প্রতিযোগিতা ও ভোক্তাদের স্বার্থের ক্ষতি করতে পারে।

এই একত্রীকরণের ফলে কোটি কোটি মানুষের স্ট্রিমিং ব্যবহারে পরিবর্তন আসবে এবং চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সংবাদমাধ্যম সিএনএন-এর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

নতুন এই একত্রীকরণের ফলে এইচবিও, সিবিএস, নিকেলোডিয়ন, শো-টাইম, কমেডি সেন্ট্রাল, ডিসি স্টুডিওস এবং ফুড নেটওয়ার্কের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্র্যান্ড একই মালিকানার অধীনে আসবে। প্যারামাউন্টের মালিকানায় যুক্ত হবে ‘হ্যারি পটার’, ‘গেম অব থ্রোনস’ এবং ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর মতো বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলো। এগুলো প্যারামাউন্টের বিদ্যমান জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ইন্ডিয়ানা জোন্স’, ‘মিশন: ইম্পসিবল’ ও ‘শ্রেক’-এর সঙ্গে যুক্ত হবে।

নতুন এই বিনোদন জায়ান্টটির নাম দেওয়া হবে স্কাইড্যান্স করপোরেশন। স্কাইড্যান্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডেভিড এলিসন, যিনি প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির দায়িত্ব নেওয়ার আগে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন, চুক্তি সম্পন্ন হওয়াকে চলচ্চিত্র শিল্পের জন্য ‘ঐতিহাসিক’ ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল এই দুই ঐতিহ্যবাহী স্টুডিওকে একত্র করে আরও শক্তিশালী একটি প্রতিদ্বন্দ্বী তৈরি করা। এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যার প্রতিভা, সম্পদ ও বিস্তৃতি থাকবে—যাতে সব ধরনের গল্প, সব ঘরানায়, সব প্ল্যাটফর্মে এবং বিশ্বের সব দর্শকের জন্য বলা যায়। এখন সেই লক্ষ্য বাস্তবে পরিণত হয়েছে।”

চুক্তি চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চুক্তিটিকে ‘দারুণ’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, “তারা অসাধারণ মানুষ এবং এটি একটি দারুণ কোম্পানি হতে যাচ্ছে।” গত সপ্তাহে ম্যাটেলের বিদায়ী প্রধান নির্বাহী ইয়ানন ক্রেইজকে কোম্পানির সহ-প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছেন এলিসন। ক্রেইজ কোম্পানির দৈনন্দিন কার্যক্রম, বিশেষ করে নতুন একীভূত ব্যবসাগুলোর সমন্বয়ের বিষয়টি দেখবেন, আর এলিসন কৌশল ও প্রযুক্তি নিয়ে কাজ করবেন।

এদিকে, বিবিসির সাবেক মহাপরিচালক মার্ক থম্পসন সিএনএন ওয়ার্ল্ডওয়াইডের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। বারি ওয়েইস সিবিএস নিউজের প্রধান সম্পাদক হিসেবে বহাল থাকছেন। এইচবিও ও ম্যাক্সের কনটেন্ট বিভাগের নেতৃত্ব দেওয়া ক্যাসি ব্লয়েস সরাসরি-ভোক্তা কনটেন্ট বিভাগের সহ-চেয়ারম্যান ও প্রধান কনটেন্ট কর্মকর্তা হবেন। ফরেস্টার রিসার্চের গবেষণা পরিচালক মাইক প্রুলক্স বলেন, এই পরিবর্তনের অর্থ হলো, এইচবিওর নেতৃত্ব দল এখন স্কাইড্যান্সের সম্মিলিত স্ট্রিমিং কার্যক্রমের দায়িত্বে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এটি এইচবিও ব্র্যান্ডের জন্য ভালো খবর হতে পারে, তবে ব্লয়েসের ওপর খরচ কমানো এবং দক্ষতা বাড়িয়ে সাশ্রয় নিশ্চিত করার চাপ থাকবে, যা কনটেন্টের মানের ওপর প্রভাব ফেলতে পারে।

এজে বেলের বাজারবিষয়ক প্রধান ড্যান কোটসওর্থ আরও উল্লেখ করেন, সুদের হার যখন বেশি, তখন নতুন কোম্পানিটির ঋণের পরিমাণও অনেক বেশি। তিনি বলেন, এখন স্কাইড্যান্স নামে পরিচিত সম্মিলিত প্রতিষ্ঠানটিকে খরচ কমাতে হবে এবং বেশি মুনাফা করতে হবে, যাতে ঋণের পরিমাণ আরও নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে নামিয়ে আনা যায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin