
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া কারাগারে থেকে আদালতে হাজির করার ঘটনায় জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছেন সরকারদলীয় সংসদ-সদস্য তাহসিনা রুশদীর লুনা। গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী লুনা রোববার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিষয়টিতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং আইনমন্ত্রীর কাছে এর স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
সংসদে বক্তব্য প্রদানকালে তাহসিনা রুশদীর লুনা বলেন, গুম ও খুনের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারকাজ চলমান। তবে গত বৃহস্পতিবার জেরার জন্য আদালতে নেওয়ার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও ভাব দেখে মনে হয়েছে তিনি যেন কোনো আনন্দ ভ্রমণে বেরিয়েছেন। আর তাকে পাহারা দেওয়া পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তারা কোনো আসামিকে নয়, বরং তার প্রটোকলের দায়িত্ব পালন করছেন।
লুনা আরও বলেন, এমন একজন অমানবিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে কেন হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হলো, সে বিষয়ে অনেক ভুক্তভোগী পরিবার উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার তার প্রতি কোনো মানবিকতা দেখাচ্ছে নাকি তাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে—সেই প্রশ্ন তুলে তিনি আইনমন্ত্রীর হস্তক্ষেপ ও ব্যাখ্যা চান।
এই পয়েন্ট অব অর্ডারের ওপর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করে বলেন, বিষয়টি নিক্তির বিচারে সরাসরি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তবে সংসদ-সদস্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করায় আইনমন্ত্রী চাইলে তাৎক্ষণিক উত্তর দিতে পারেন অথবা আনুষ্ঠানিকভাবে নোটিশ চাইতে পারেন।
পরবর্তীতে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে তার নজরে এসেছে। বন্দিকে কারাগার থেকে আদালতে স্থানান্তরের বিষয়টি আইন মন্ত্রণালয়ের সরাসরি এখতিয়ারভুক্ত না হলেও ঘটনাটি জানার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে আদালতে নেওয়া প্রয়োজন, পরবর্তীতে তাকে সেভাবেই নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আইনমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে আদালত প্রাঙ্গণে এ ধরনের শিথিলতার পুনরাবৃত্তি যেন না ঘটে, সরকার তার পূর্ণ নিশ্চয়তা দিচ্ছে। ন্যায়বিচারকে কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না এবং সরকার কোনো ফরমায়েশি রায়ে বিশ্বাসী নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যাবতীয় সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে পেশ করা হচ্ছে।
বক্তব্যের শেষ অংশে আইনমন্ত্রী বিগত ১৬ বছরের গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের মতো মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু তদন্তে সংসদ-সদস্যদের সহায়তা কামনা করেন। তিনি জানান, তদন্তকারী কর্মকর্তারা যখন বিভিন্ন জেলায় যাবেন, তখন সংসদ-সদস্যরা যেন নিজ নিজ এলাকার অপরাধ ও অপরাধীদের তথ্য দিয়ে তদন্ত দলকে সহযোগিতা করেন।
আপনার মতামত লিখুন :