
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩০
জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি করা হয়েছে সরকারি দলের হুইপ মো. আখতারুজ্জামান মিয়াকে। বৃহস্পতিবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটি গঠনের এই প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এই সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী (যদি তিনি সংসদ সদস্য হন) এবং প্রতিমন্ত্রী শরীফুর আলম। এছাড়া সরকারি দলের সংসদ সদস্যদের মধ্যে কমিটিতে স্থান পেয়েছেন এস এম ফয়সল, নাছির চৌধুরী, মো. আব্দুল্লাহ ও রেজেকা সুলতানা। বিরোধী দল থেকে সদস্য হিসেবে রাখা হয়েছে আফজাল হোসেন, হাফেজ মুহা. রবিউল বাশার এবং মাহবুবা হাকিমকে।
এদিকে, সংসদ সম্পর্কিত মোট ছয়টি কমিটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আপনার মতামত লিখুন :