
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩০। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র কার্যকর করার পূর্বশর্ত হলো সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা, উৎসব পালনের অধিকার এবং নিজ নিজ আচার পালনের স্বাধীনতা নিশ্চিত করা। তিনি আরও বলেন, গণতন্ত্র সকল সম্প্রদায়ের জন্য, তাই গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্ন সময়ে হওয়া নির্যাতন-নিপীড়নের কথা উল্লেখ করে তিনি সরকারের ভূমিকার সমালোচনা করেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, অতীতে যখনই ধর্ম বা জাতিগতভাবে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতন হয়েছে, তখন রাষ্ট্র বা সরকার অনেক সময় নীরব থেকেছে।
তিনি জানান, অভ্যুত্থানের পর থেকে তারা বিচারব্যবস্থাকে শক্তিশালী করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মজবুত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে দেশের গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :