
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর নিজস্ব বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। গত তিন দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখান থেকে নিজে ১ হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন এবং উদ্বৃত্ত ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে দিয়েছেন। এই সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করে প্রধানমন্ত্রী একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় প্রতিমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন। দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ডিডি (এলজি)-দের নিয়ে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।
সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সমবায় ভবনসহ দেশের সব সরকারি ও জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর উদ্যোগ নেওয়া হবে। এর পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকারকে দেওয়ার ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে কেবল সেবা নয়, একটি ব্যবসা হিসেবে দেখার ওপরও জোর দেন তিনি। একই সঙ্গে বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টি ফয়সালা করার তাগিদ দেন প্রতিমন্ত্রী।
সামনে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অস্থিতিশীল না হয়, সে বিষয়ে ইউএনওদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দিয়ে তিনি বলেন, এ কাজে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
দরিদ্র মানুষের কল্যাণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে মীর শাহে আলম বলেন, এলাকার গরিব মানুষ সহায়তার জন্য প্রায়ই ইউএনওদের কাছে আসেন। এজন্য প্রতিটি ইউএনওর জন্য একটি ঐচ্ছিক তহবিল বা ফান্ড গঠন করা জরুরি, যেখান থেকে তাৎক্ষণিকভাবে দরিদ্রদের ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই তহবিলের জোগান দিতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের নিজস্ব রাজস্ব আয় থেকে এই অর্থ বরাদ্দের ব্যবস্থা করবে।
রাজনৈতিক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিএনপি সরকার জনগণের সরকার এবং এটি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। বিগত স্বৈরাচারী আমলে সরকারের অন্যায় নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক সরকারি কর্মকর্তা চাকরি হারিয়েছেন। তবে বিএনপি সরকার কাউকে রাতের অন্ধকারে ভোট ডাকাতি করতে কিংবা ডামি নির্বাচন করার মতো কোনো অনৈতিক নির্দেশ দেবে না। রাজধানীর মিরপুরে রাড্ডা সেন্টারের অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনার পর উত্তরের কমিটি বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এমপির কোনো ব্যক্তিগত অপকর্মের দায় সরকার নেবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
আপনার মতামত লিখুন :