Facebook Twitter Instagram YouTube

বিশ্বনেতাদের কাছে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ / ০
বিশ্বনেতাদের কাছে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার তুরস্কের আনতালিয়ার জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১) চলাকালে স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির জানান, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে বিশ্বনেতারা প্রধানমন্ত্রীকে এই বিশেষ অভিধায় ভূষিত করছেন। বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের এই রূপান্তরমূলক ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী কপ৩১-এর উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর মধ্যে ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসি মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হয়েছে। এছাড়া তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এসব সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়েছে। বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনি ম্যান্ডেটের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিল ও মালদ্বীপের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন ও বিনিয়োগে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের সরাসরি বিমান যোগাযোগ ও ভিসা প্রক্রিয়া সহজীকরণ নিয়ে আলোচনা হয়েছে। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জ্বালানি, ভারী শিল্প ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়টিও আলোচনায় এসেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী, যেখানে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor