Facebook Twitter Instagram YouTube

৭৭ বছর বয়সে না ফেরার দেশে কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ / ০
৭৭ বছর বয়সে না ফেরার দেশে কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু

প্রখ্যাত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু ৭৭ বছর বয়সে মারা গেছেন। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত।

পূরবী বসু দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে আক্রান্ত ছিলেন এবং শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে জ্যোতিপ্রকাশ দত্ত জানান, “একবার স্ট্রোকও হয়েছিল তার। এ ছাড়া অতীতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে নানা শারীরিক জটিলতা ছিল।”

১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবনে তিনি নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশে ফিরে বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

বিজ্ঞানের পাশাপাশি বাংলা সাহিত্যেও তার অবদান ছিল অবিস্মরণীয়। তার গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টিরও বেশি। তার লেখায় প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, নারীবাদী চেতনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উঠে এসেছে। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন তিনি। ১৯৬৭ সালে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূরবী বসু। সাহিত্য ও জীবনের দীর্ঘ যাত্রায় তারা একে অপরের সহযাত্রী ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin