Facebook Twitter Instagram YouTube

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির আহ্বান


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ /
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির আহ্বান

দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে কোনো ধরনের প্রভাব-প্রতিপত্তি আমলে না নিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে দুদকের চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংকালে এই তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহিতার অভাবের কারণে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জাতির অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপরই নির্ভর করছে বলে তিনি মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান এ সময় কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও সমস্যাগুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দুর্নীতি দমনে কমিশনের কার্যকারিতা বাড়াতে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি দুদককে সততা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি দীর্ঘদিনের বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়ে বলেন, গুরুতর দুর্নীতির ক্ষেত্রে দ্রুত অনুসন্ধান ও কঠোর পদক্ষেপ নিতে হবে। এছাড়া দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং কমিশনকে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব মো. সাইদুর রহমান খান। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin