
রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের মূল সৌন্দর্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে। বুধবার বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহ’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহ প্রেসিডেন্টকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। এছাড়া অবকাঠামোগত উন্নয়নের জন্য ৬০০ কোটি টাকার সরকারি বরাদ্দের বিষয়টিও তিনি প্রেসিডেন্টকে জানান। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগ এবং ছাত্রীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রেসিডেন্টের সহযোগিতা কামনা করেন।
প্রেসিডেন্ট এসব সমস্যা সমাধানে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। তিনি দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। প্রেসিডেন্ট সেই আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।
সাক্ষাতকালে প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :