
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রার্থীরা। প্রশাসনিক যাচাই-বাছাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া শেষে বিপুলসংখ্যক প্রার্থীর নাম নিয়োগপত্রের তালিকায় না থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিজস্ব প্ল্যাটফর্মের দাবি অনুযায়ী, বাদ পড়া প্রার্থীর সংখ্যা প্রায় আড়াই হাজার। অন্য একটি হিসাব অনুযায়ী এ সংখ্যা ২ হাজার ২০০-এর বেশি। যদিও সরকারিভাবে এখনো কোনো পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
অনুসন্ধানে জানা গেছে, মূলত চারটি কারণে প্রার্থীদের নাম নিয়োগের তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে রয়েছে পুলিশ বা গোয়েন্দা সংস্থার নেতিবাচক প্রতিবেদন, ডোপ টেস্টে সমস্যা, স্বাস্থ্য সনদ না থাকা এবং শিক্ষা সনদে গরমিল। তবে বাদ পড়ার কারণগুলোর মধ্যে নেতিবাচক পুলিশ প্রতিবেদনই সবচেয়ে বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা ইতোমধ্যে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করছেন। খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও যশোরে শত শত প্রার্থী জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ জানিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনায় ৬৯ জন, সুনামগঞ্জে ১২০ জন, মৌলভীবাজারে ৬৭ জন এবং নাটোরে প্রতিবন্ধীসহ ৩৪ জন চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি। এছাড়া চাঁদপুর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা, ঝালকাঠি, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, বগুড়া, কুষ্টিয়া ও মানিকগঞ্জ জেলা থেকে বাদ পড়ার অভিযোগ পাওয়া গেছে। কেবল এই জেলাগুলোর তথ্য যোগ করলে বাদ পড়া প্রার্থীর সংখ্যা ৩৫১ জন দাঁড়ায়।
প্রার্থীদের প্ল্যাটফর্মটি পাঁচটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে। তাদের দাবি, ভেরিফিকেশনে বাদ পড়া প্রত্যেক প্রার্থীর নথি নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় পুনর্যাচাই করতে হবে। এছাড়া তথ্যগত ভুল বা অসংগতির শিকার প্রার্থীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও প্রশাসনিক আপিলের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা। কোনো দাপ্তরিক গাফিলতি বা প্রশাসনিক ত্রুটির কারণে কেউ বাদ পড়ে থাকলে তা সংশোধন করে নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রার্থীরা।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগপত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভেরিফিকেশন বা ভেটিং সরকারি নিয়োগ প্রক্রিয়ার একটি নিয়মিত অংশ। ১ অক্টোবর পর্যন্ত যারা নিয়োগপত্র পাননি, তাদের বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সরকারি পরিকল্পনা অনুযায়ী ১ অক্টোবর যোগদানের তারিখ নির্ধারণ করা হলেও অনেক প্রার্থীই সেই তালিকায় নাম না থাকায় অনিশ্চয়তায় পড়েছেন।
খুলনায় সুপারিশ পাওয়া ৬৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়নি বলে জানা গেছে। সুনামগঞ্জে বাদ পড়েছেন ১২০ জন, মৌলভীবাজারে ৬৭ জন এবং নাটোরে প্রতিবন্ধীসহ ৩৪ জন চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি। খুলনায় ২৭৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও ২৬৫ জন কাগজপত্র জমা দেন। এর মধ্যে ১৯৬ জন নিয়োগপত্র পেয়েছেন এবং ৬৯ জন পাননি।
সুনামগঞ্জে ৬১৭ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য সুপারিশ পাঠানো হলেও সর্বশেষ যাচাইয়ে ১২০ জনকে বাদ দেওয়া হয়েছে। মৌলভীবাজারে ৩৪৭ সুপারিশপ্রাপ্তের মধ্যে ৬৭ জন এবং যশোরে ২৯০ জনের মধ্যে ১০৬ জন নিয়োগপত্র পাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :