Facebook Twitter Instagram YouTube

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাট: ৯ জন গ্রেপ্তার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ / ০
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাট: ৯ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অভিযানে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে একদল মুখোশধারী স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। সংস্থাটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতারের অভিযোগ, হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার পর সেখানে দোকানদার সমিতির সাইনবোর্ডও টানিয়ে দেওয়া হয়। এ বিষয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডা. নাসরিন আখতারের ভাষ্যমতে, লুট হওয়া মালামালের তালিকায় রয়েছে সরকারি ইপিআই টিকা, টিকা দেওয়ার রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন সরঞ্জাম, ওষুধ ও ভ্যাকসিন। এছাড়া নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিনও নিয়ে গেছে হামলাকারীরা।

লুটপাটের তালিকায় আরও রয়েছে একটি জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, তিনটি স্টিলের আলমারি, পাঁচটি স্টিলের ফাইল কেবিনেট, ল্যাবরেটরির সরঞ্জাম, রিএজেন্ট, দুটি টিভি, দুটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার এবং বিভিন্ন আসবাবপত্র। ডা. নাসরিন দাবি করেন, শুধুমাত্র যন্ত্রপাতি ও মালামালের আর্থিক ক্ষতির পরিমাণই প্রায় দেড় কোটি টাকা। সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে গত ৫০ বছর ধরে মিরপুরের দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin