Facebook Twitter Instagram YouTube

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে দিল্লি পুলিশের এফআইআর


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ / ০
রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে দিল্লি পুলিশের এফআইআর

কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে আনুষ্ঠানিক এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার নির্বাচন সদন অভিমুখী একটি মিছিল থেকে আগাম অনুমতি ছাড়াই হঠাৎ দিল্লি আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়ার অভিযোগে এই আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। আকাশবাণী হলো ভারতীয় রাষ্ট্রীয় বেতার সংস্থা।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, মিছিলটি নির্বাচন সদনের দিকে যাওয়ার পথে হঠাৎ দিক পরিবর্তন করে আকাশবাণী ভবনের ভেতর প্রবেশ করে। যদিও পুলিশ বারবার ওই স্থান খালি করে দেয়ার অনুরোধ জানিয়েছিল, তবুও রাহুল গান্ধী ও তার সমর্থকরা সেখানে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন। তাদের দাবি ছিল, সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদলকে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সুযোগ করে দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশ ওই স্থানে হস্তক্ষেপ করে।

অবস্থান কর্মসূচীর একপর্যায়ে পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আকাশবাণী ভবন চত্বর থেকে সরিয়ে নেয়। এরপর তাদের আটক করে নিউ পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয় এবং কিছুক্ষণ পর মুক্তি দেয়া হয়। অনুমতিহীন সমাবেশ ও সরকারি ভবনে অনধিকার প্রবেশের দায়েই তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin