
রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে রেলপথ ও ট্রেনে নাশকতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত দুই দিনে দেশের বিভিন্ন প্রান্তে রেলপথে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার পর রেলপথ মন্ত্রণালয়ে বুধবার একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ও রেলওয়ে পুলিশপ্রধান জিল্লুর রহমান জানিয়েছেন, রেলপথকে টার্গেট করে বিভিন্ন স্থানে নাশকতার ছক কষা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, নাশকতাকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই নৃশংসতা দমনে পুরো রেলপথে নজিরবিহীন ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ, এসআরবি এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা এখন স্টেশনে ও রেলপথে সতর্কাবস্থানে রয়েছেন। এছাড়া ট্রেন ও স্টেশনে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং সন্দেহভাজন কাউকে দেখলেই দ্রুত আটকের নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে রেলপথ নিরাপদ রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেলবহরে অতিরিক্ত ৫০০ রেলওয়ে পুলিশ ও ৫০০ আনসার সদস্যসহ মোট দেড় হাজার নতুন সদস্য যুক্ত করা হচ্ছে। ট্রেনের ইঞ্জিনসহ প্রতিটি কোচে অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী আফজাল হোসেন নাশকতাকে রাষ্ট্রীয় সম্পদের ওপর আক্রমণ হিসেবে অভিহিত করে বলেন, নাশকতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার জন্য বিশেষ টিম মাঠে নামানো হয়েছে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) নাজমুল ইসলাম জানান, যাত্রীদের মধ্যে বিরাজমান আতঙ্ক দূর করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রীদেরও সচেতন থাকার পরামর্শ দিয়ে স্টেশন ও ট্রেনে অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :