Facebook Twitter Instagram YouTube

‘সাকিব ভালো খেলোয়াড় হলেও মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ /
‘সাকিব ভালো খেলোয়াড় হলেও মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা

সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড় হতে পারেন, তবে মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা জানান, সাকিব আল হাসান যদি দেশে ফিরতে চান, তবে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তিনি দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং নিজের আইনি অধিকার পাবেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন তিনি। জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকেও দেশে ফিরলে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে। সবচেয়ে বীভৎস মানুষটাও তার নাগরিক অধিকার পাবে বলে তিনি উল্লেখ করেন।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বন্ধু পাল্টানো গেলেও প্রতিবেশী পাল্টানো যায় না। দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতেই পারে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রতিনিধি ঢাকায় এসেছেন এবং দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে বলে জানান তিনি। ‘র’ প্রধানের বাংলাদেশ সফর কোনো গোপন বিষয় নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন নতুন করে গড়ে উঠবে। গত ১৭ বছর যেভাবে সম্পর্ক পরিচালিত হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক তৈরি করা হবে। শেখ হাসিনার আমলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেওয়া হবে না। এখন থেকে স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে জাহেদ উর রহমান জানান, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এছাড়া দেশটির পক্ষ থেকে আলাদাভাবেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারতে যেতে পারেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ১৮০ দিন বা ছয় মাস শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এই ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি রয়েছে, যার সদস্য হিসেবে তথ্য উপদেষ্টা নিজেও কাজ করছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক বছরের আলোচনার পর সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিপরীতে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ৫৪টি পণ্য বাংলাদেশের বাজারে একই সুবিধা পাবে।

পরিবেশ সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে জনগণের সহযোগিতা কামনা করে তথ্য উপদেষ্টা বলেন, শুধু চাপ প্রয়োগ বা জরিমানা করে এর ব্যবহার বন্ধ করা কঠিন। বাংলাদেশ পাটকল করপোরেশনের মাধ্যমে তৈরি ৯ হাজার পাটের গ্রোসারি ব্যাগ স্বল্পমূল্যে টিসিবির ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। পলিথিনের তুলনায় পাটের ব্যাগ তাৎক্ষণিকভাবে সবার কাছে বেশি সুবিধাজনক মনে নাও হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর ইতিবাচক দিক বিবেচনা করে জনগণ সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

রেলপথের উন্নয়ন নিয়ে জাহেদ উর রহমান জানান, ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh