Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশে প্রযুক্তি ও ডিজিটাল পেমেন্টে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ /
বাংলাদেশে প্রযুক্তি ও ডিজিটাল পেমেন্টে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা। প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

স্টিফেন কার্পিন জানান, ভিসা বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারী এখনো কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে চায়। ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগের মাধ্যমে তারা কাজ করতে আগ্রহী। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও দ্রুত, সহজ ও নিরাপদ করার বিষয়েও প্রতিষ্ঠানটি কাজ করতে ইচ্ছুক।

বৈঠকে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন সহজতর করার লক্ষ্যে মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে ও টোল প্লাজার মতো সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সহজে ও নিরাপদে দেশে আনার জন্য একটি কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ভিসার একটি গ্লোবাল সার্ভিস সেন্টার বা প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের জন্য প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির প্রসারে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din