Facebook Twitter Instagram YouTube

সরকারকে বিপাকে ফেলতে ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ / ০
সরকারকে বিপাকে ফেলতে ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী

বর্তমান নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পতিত দোসররা নানামুখী ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীকে এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

রিজভী বর্তমান সরকারকে ‘জনগণের সরকার’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কোনো ধরনের অপরাধ বা নৈরাজ্যকে প্রশ্রয় দেবেন না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। পুলিশের ভ্যান থেকে শীর্ষ এক সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, “পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে?”

লিফলেট বিতরণকালে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগে থেকে সচেতন হলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু বিস্তার রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের নিজ নিজ বাসার আশপাশের পচা ও জমে থাকা পানি পরিষ্কার করার কঠোর নির্দেশনা দিয়েছেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে তিনি আরও যোগ করেন, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য রোগীদের অর্থ খরচ করতে হতো, কিন্তু বর্তমান সরকার জনগণের সুবিধার্থে তা সম্পূর্ণ বিনা মূল্যে করে দিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh