Facebook Twitter Instagram YouTube

কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ / ০
কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা

সুন্দরবন ঘেঁষা খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার অভ্যন্তরীণ সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রস্তাবিত এ পরিকল্পনা বাস্তবায়িত হলে উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, গ্রামীণ জনপদ, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও পর্যটনকেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য ও মৎস্য পরিবহন, স্থানীয় ব্যবসা এবং পর্যটন খাতের প্রসারে এটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কয়রা উপজেলার রয়েছে দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য। এখানে পীর খানজাহান আলীর (রহ.) সময়কার গম্বুজবিশিষ্ট মসজিদ, খালাস খার দিঘি ও রাজা প্রতাপাদিত্যের রাজধানী হিসেবে পরিচিত ‘বড়বাড়ি’র মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। সুন্দরবনের একটি বড় অংশও এ উপজেলার সঙ্গে যুক্ত। তবে অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এলাকাটি পর্যটকদের কাছে সেভাবে পরিচিত হয়ে ওঠেনি।

এই পরিস্থিতি বদলাতে এলজিইডি ‘গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক মাস্টার প্ল্যান’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। পরিকল্পনার আওতায় প্রাথমিকভাবে প্রায় ৫৩ দশমিক ৭৬ কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আরও কিছু সড়ক যুক্ত হওয়ায় মোট উন্নয়নকাজের পরিমাণ প্রায় ৬০ কিলোমিটারে দাঁড়িয়েছে। প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

প্রস্তাবিত সড়কগুলোর মধ্যে রয়েছে উপজেলা সদর থেকে হায়াতখালী বাজার হয়ে গিলাবাড়ি বাজার পর্যন্ত ১৫ দশমিক ৬৪ কিলোমিটার সড়ক। এছাড়া খালাস খার দিঘির পাড় হয়ে সুন্দরবন-সংলগ্ন শাকবাড়িয়া নদীর পশ্চিম পাড়ের বাঁধ দিয়ে গোলখালী পর্যন্ত সড়ক, গিলাবাড়ি বাজার থেকে কয়রা বাজার অভিমুখী সড়ক, গোলনা বাজার থেকে দুবরা-কাটি মোড় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, যোগাযোগ সমস্যার কারণে বাইরের পর্যটকেরা এখানে আসতে আগ্রহী হন না। সড়ক উন্নত হলে জীবনমান ও পর্যটনের প্রসার ঘটবে। স্থানীয় সমাজকর্মী ও সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শহরউদ্দিন জানান, যোগাযোগ দুর্বল থাকায় চিংড়ি, সুন্দরবনের মাছ ও কৃষিপণ্য পরিবহনে সমস্যা হয়। সড়ক উন্নত হলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানিয়েছেন, ডিপিপি অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে এবং বর্তমানে তা যাচাই-বাছাই চলছে। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল বাকী বলেন, অভ্যন্তরীণ সড়কগুলোকে একে অপরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যবসা ও পর্যটনে গতি ফিরবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh