Facebook Twitter Instagram YouTube

রোহিঙ্গা সংকটের বোঝা অনির্দিষ্টকাল বহন করা সম্ভব নয়: শামা ওবায়েদ


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ / ০
রোহিঙ্গা সংকটের বোঝা অনির্দিষ্টকাল বহন করা সম্ভব নয়: শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের কার্যকর ও নির্ভরযোগ্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বাংলাদেশ আর অনির্দিষ্টকাল এই সংকটের বোঝা বহন করতে সক্ষম নয়। বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘অনিশ্চিত প্রত্যাবর্তন : প্রত্যাবাসনের পথে বাধা নিয়ে রোহিঙ্গাদের বক্তব্য’ শীর্ষক এক জাতীয় নীতি অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরাম। শামা ওবায়েদ ইসলাম বলেন, রোহিঙ্গা সংকটের মূল সমাধান মিয়ানমারেই নিহিত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শুধু সমর্থনের প্রতিশ্রুতি না দিয়ে সংকট সমাধানে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে আসা। তিনি উল্লেখ করেন, গবেষণায় দেখা গেছে রোহিঙ্গারা মিয়ানমারকে নিজেদের আবাসভূমি হিসেবে অস্বীকার করে না, কিন্তু তারা যে পরিস্থিতির কারণে দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, সেই একই পরিবেশে ফিরে যেতে আগ্রহী নয়।

প্রত্যাবাসনের গ্রহণযোগ্য রূপরেখার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি আস্থার বিষয়। রোহিঙ্গাদের জন্য পরিচয় ও স্বীকৃতি, জমি ও সম্পত্তির অধিকার, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, রোহিঙ্গারা দয়া চায় না, তারা তাদের অধিকার চায়। এ সময় তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের কথা স্মরণ করিয়ে দেন, যেখানে টেকসই প্রত্যাবাসনের জন্য বিশ্বাসযোগ্য রূপরেখা প্রণয়ন, সহিংসতার অবসান, ন্যায়বিচার নিশ্চিত করা এবং আন্তর্দেশীয় অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মতো পাঁচটি জরুরি অগ্রাধিকার তুলে ধরা হয়েছিল।

শামা ওবায়েদ আরও বলেন, কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য ক্রমবর্ধমান অপরাধ ও নিরাপত্তাহীনতা ‘নতুন স্বাভাবিক পরিস্থিতি’ হিসেবে মেনে নেওয়া যায় না। অনুষ্ঠানে গবেষক দল তাদের জরিপের ফলাফল উপস্থাপন করে। এই জরিপটি কক্সবাজারের উখিয়ার ১৭টি রোহিঙ্গা ক্যাম্পে ৮১৬ জনের ওপর চালানো হয়েছে এবং প্রত্যাবাসন প্রক্রিয়ার সাথে জড়িত বিভিন্ন অংশীজনের ৭২টি একান্ত সাক্ষাৎকার নেওয়া হয়েছে। অনুষ্ঠানের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din