Facebook Twitter Instagram YouTube

রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, বৃহত্তর নিরাপত্তা উদ্বেগ: প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ / ০
রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, বৃহত্তর নিরাপত্তা উদ্বেগ: প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম। দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট এখন আর কেবল একটি মানবিক সমস্যা নয়; বরং এর সাথে বৃহত্তর নিরাপত্তা উদ্বেগ এবং অনিয়মিত অভিবাসনের মতো জটিল বিষয়গুলো জড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা বলেন।

এপিপিজির চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে আসা এই প্রতিনিধিদলে হাউস অব লর্ডসের সদস্য শওকত আদম এমপি এবং লর্ড কুরবান হুসেইন উপস্থিত ছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে এপিপিজির আগ্রহের প্রশংসা করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংহতি ও সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি তুলে ধরেন। তিনি ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় ও যুক্তরাজ্যের পার্লামেন্টের মধ্যে সেতুবন্ধ হিসেবে এপিপিজির ভূমিকার গুরুত্ব উল্লেখ করে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে দেশটির পার্লামেন্টের সাথে আরও সম্পৃক্ততা বাড়াতে সহযোগিতা কামনা করেন।

রোহিঙ্গাদের দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আরও জোরালো আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান প্রতিমন্ত্রী। প্রতিনিধিদলটি বুধবার রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে। তারা রোহিঙ্গা সম্প্রদায়ের দুর্দশা মোকাবিলায় নিজেদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিনিধিদলটি মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের নিজভূমিতে টেকসই প্রত্যাবাসনের বিষয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সোচ্চার থাকার আশ্বাস দিয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা ও বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া গণতান্ত্রিক সংহতি, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষ জনশক্তি কাজে লাগানো এবং মানবাধিকারের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উভয়পক্ষ। আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতেও তারা মতবিনিময় করেন এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চ্যানেলের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor