
রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ঘটা এই ঘটনায় স্টুডিওটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন সালমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ১টা ৩৩ মিনিটে শেয়ার করা এক ভিডিওতে তিনি বলেন, বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও বিনোদন জগতে এটি ছিল একটি অনন্য উদ্যোগ, এমনকি এফডিসিতেও এমন স্টুডিও নেই। ভিডিওতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে বলেন, এই হামলার বিষয়ে তিনি যেন কোনো টেনশন না নেন, কারণ এটি বাংলাদেশে এখন স্বাভাবিক ঘটনা।
সালমান মুক্তাদির অভিযোগ করেন, যারা এই হামলা চালিয়েছে তারা বিএনপির লোক। তিনি বলেন, বাংলাদেশে যদি কেউ কারো তোষামোদ না করে, কোনো দলের অনুসারী না হয় কিংবা সিকিউরিটি টাকা দিয়ে কিনতে না পারে, তবে এমন পরিস্থিতির শিকার হতে হয়। তিনি আরও বলেন, তোমাদের চাঁদাবাজি আমার স্বপ্ন কেড়ে নিতে পারবে না। গণমাধ্যমের কাছে সালমান জানান, তাকে বলা হয়েছে চাঁদা না দেওয়ায় এই হামলা হয়েছে। তবে তিনি নিজে কখনো চাঁদা দেওয়ার কথা শোনেননি এবং কত টাকার চাঁদা চাওয়া হয়েছিল সে বিষয়ে তার কোনো ধারণা নেই। আইনি পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি বাংলাদেশের আইনে বিশ্বাস রাখেন না এবং কেবল ফরমালিটি হিসেবে একটি মামলা করবেন।
ঘটনার বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ইসিবি চত্বরে জায়গা দখলকে কেন্দ্র করে একটি অফিসে হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছোরাসহ দুইজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :