১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে ফাইনালের ঠিক আগমুহূর্তে ফিফার সূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে প্রকাশ্যে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে নিউ জার্সিতে পৌঁছানোর পরপরই আর্জেন্টিনাকে বাধ্যতামূলক অনুশীলন ও মিডিয়া কার্যক্রমে অংশ নিতে হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানে স্কালোনি জানান, দলের বিশ্রামের প্রয়োজন থাকলেও ফিফার নির্ধারিত সূচির কারণে তাদের অনাকাঙ্ক্ষিত সময়ে অনুশীলন করতে হয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-কে তিনি বলেন, আমরা কেবল এখন একটু বিশ্রাম পাচ্ছি, কারণ গতকাল রাত ১১টার দিকে এখানে পৌঁছেছি। অথচ আজ এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা আমরা চাইনি। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে তাড়াহুড়ো করে একটি সেশন শেষ করতে হয়েছে, যেখানে কৌশলগত প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ ছিল না।
যুক্তরাষ্ট্রের তীব্র গরমের মধ্যে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় বিশ্বচ্যাম্পিয়নদের অনুশীলনে নামতে হয়। টুর্নামেন্টের নকআউট পর্বে ব্যস্ত সূচি ও বিশ্রামের অভাব নিয়ে আগেও অভিযোগ তুলেছিলেন স্কালোনি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে তিনি বলেছিলেন, টুর্নামেন্ট যত শেষের দিকে যায়, খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন তত বাড়ে। কিন্তু এখানে ঘটছে ঠিক উল্টোটা। সেই সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, আমরা মায়ামির প্রচণ্ড গরমে খেলেছি, আর পরদিনই দুপুরে আবার ম্যাচ খেলতে হয়েছে। বিশ্রামের এই সময়টুকু মোটেও আদর্শ নয়। আমার মনে হয়, মিশর আমাদের চেয়ে কিছুটা বেশি পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে। বিশ্বকাপের শেষ দিকে বিশ্রামই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনেও একই সুরে কথা বলেছেন স্কালোনি। গত ১৫ দিনে দলের জন্য এটি পঞ্চম ম্যাচ হতে যাচ্ছে এবং শারীরিক ধকল কাটিয়ে ওঠাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজদের শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি জানান, দল এখন পুরোপুরি বিশ্রাম ও পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছে। তবে দলের কয়েকজন খেলোয়াড় এখনো শতভাগ ফিট নন এবং তাদের অবস্থা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে প্রতিপক্ষের শক্তি বিবেচনায় রেখে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক খেলার ধরন বজায় রাখার চেষ্টা করবে বলেও তিনি জানান।
আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টানা দুইবার বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়বে মেসি-স্কালোনির দল।
আপনার মতামত লিখুন :