
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। শনিবার থেকে দেশের প্রতিটি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। পরবর্তীতে এই পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে উপজেলার অন্যান্য সব ব্লকেও পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য ১৪ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে তথ্য সংগ্রহে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে আগামী ১৮ জুলাই থেকে মাঠপর্যায়ে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।
কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির দ্বিতীয় সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কৃষকদের একটি নির্ভুল ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি করা গেলে সরকারের প্রতিশ্রুত ‘কৃষক কার্ড’ কার্যক্রমের বাস্তবায়ন সহজতর হবে। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ, কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ সুবিধা এবং অন্যান্য সরকারি সেবা স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন তারা।
আপনার মতামত লিখুন :