Facebook Twitter Instagram YouTube

স্কালোনিকে উত্ত্যক্তের চেষ্টা মিশরের কোচের, নীরব ছিলেন আর্জেন্টাইন কোচ


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ /
স্কালোনিকে উত্ত্যক্তের চেষ্টা মিশরের কোচের, নীরব ছিলেন আর্জেন্টাইন কোচ

আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিতর্কিত শেষ ষোলোর ম্যাচ নিয়ে আলোচনা থামছে না। ফাউল না দেওয়া, গোল বাতিল এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। এর মধ্যেই নতুন একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মিশরের প্রধান কোচ হোসাম হাসান ম্যাচ শেষে টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে উত্ত্যক্ত করার চেষ্টা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষ হওয়ার পর হোসাম হাসান ফিফার কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে লিপ্ত ছিলেন। সেই সময় স্কালোনি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে উদ্দেশ্য করে চিৎকার করেন হোসাম। এমনকি হাত উঁচিয়ে তাকে কিছু বলতেও দেখা যায়। তবে স্কালোনি কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখিয়েই শান্তভাবে ড্রেসিংরুমের দিকে চলে যান।

ম্যাচের ১৩ মিনিটের মধ্যে টানা তিন গোল হজম করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় প্রত্যাবর্তনের শিকার হওয়া মিশরের কোচ ও খেলোয়াড়রা শুরু থেকেই রেফারিং নিয়ে তীব্র সমালোচনা করে আসছেন। বুধবার মিশরের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ম্যাচে তারা যে পক্ষপাতদুষ্ট ও অন্যায্য রেফারিং দেখেছে, সে বিষয়ে তারা নীরব থাকতে পারে না। তাদের অভিযোগ, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যথাযথভাবে ব্যবহার করা হয়নি, যা তাদের পরাজয়ে বড় প্রভাব ফেলেছে।

অন্যদিকে, ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনা এই ঘটনার প্রেক্ষিতে এক বিবৃতিতে বলেন, ফুটবলে রেফারির সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা স্বাভাবিক হলেও ভিত্তিহীন অভিযোগের কোনো স্থান নেই। তিনি আরও বলেন, ফিফা বিশ্বকাপের ম্যাচ কর্মকর্তাদের সততা নিয়ে প্রশ্ন তোলা গ্রহণযোগ্য নয়। এ ধরনের অভিযোগ রেফারি ও তাদের পরিবারের জন্য হুমকি তৈরি করে, যা কোনোভাবেই কাম্য নয়।