Facebook Twitter Instagram YouTube

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তীব্র প্রতিবাদ


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ /
শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তীব্র প্রতিবাদ

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা এবং নিয়োগ বাতিলের জোর দাবি জানিয়েছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এই প্রতিবাদ জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। এই নিয়োগের বিষয়টি দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার অনুভূতির পরিপন্থী বলে সংগঠনটি দাবি করেছে।

হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ জানান, গত বৃহস্পতিবার ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। সংগঠনটির মতে, এই নিয়োগ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শামীম কায়সার লিংকনের মতাদর্শ নিয়েও প্রশ্ন তুলেছে হেফাজতে ইসলাম। তাদের দাবি, তিনি দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী। মুফতী কিফায়াতুল্লাহ আজহারী বলেন, ধর্ম মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। তাই ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং আলেম সমাজের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতেই এই দায়িত্ব থাকা উচিত।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, আলেম সমাজের অবদান ও পরামর্শ উপেক্ষা করে নেওয়া এই সিদ্ধান্ত দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করতে পারে। এতে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও পারস্পরিক আস্থায় ফাটল ধরতে পারে বলেও সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে। পরিশেষে, আলেম-উলামাদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে একজন যোগ্য ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh