
সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে শীতের আমেজ শুরু হয়েছে। আশ্বিনের প্রায় শেষ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতল হাওয়া আর ভোরে ঝরতে থাকা ধূসর কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। জেলাজুড়ে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। যদিও সারাদিন কিছুটা গরম অনুভূত হয়, তবে ভোর রাতে শীতের আমেজ স্পষ্ট হয়ে ওঠে।
ভোরের প্রকৃতিতে এখন শিশিরের ছোঁয়া। লতা-পাতা, ধানের পাতা আর ঘাসের ডগায় চকচক করছে ভোরের শিশির। প্রায় প্রতিদিনই ভোর রাত থেকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে, যার ফলে মহাসড়কগুলোতে যানবাহন কিছুটা ধীর গতিতে চলাচল করছে।
প্রাতভ্রমণে আসা আবু সাইদ জানান, ভোরের কুয়াশা ও শিশির কণা জেলায় শীতের আগমনী বার্তা দিচ্ছে। রিকশাচালক মজনু বলেন, ভোরে রিকশা নিয়ে বের হওয়ার সময় কুয়াশা দেখা যাচ্ছে এবং হালকা শীত অনুভূত হচ্ছে।
শীতের আগমনে কৃষকরাও তাদের প্রস্তুতি শুরু করেছেন। কৃষক রফিকুল ইসলাম জানান, ভোরের কুয়াশায় জমি ভিজে থাকে, তাই তিনি আগেভাগেই শীতকালীন সবজির জমি প্রস্তুত করছেন। তার মতে, যে বছর আগে শীত নামে, সে বছর সবজির ফলনও ভালো হয়।
আপনার মতামত লিখুন :