Facebook Twitter Instagram YouTube

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকে গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ /
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকে গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় এক গ্রাহকের সাত লাখ ৮০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ব্যাংকের ভেতর থেকে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে টাকাগুলো হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী গ্রাহক আবু ইউসুফ বাবু জানান, জেলা সাব রেজিস্ট্রি অফিসের নামে পে-অর্ডার করার জন্য তিনি দুপুর ১২টার দিকে সাত লাখ ৮০ হাজার টাকা নিয়ে ব্যাংকে আসেন। ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগটি রেখে তিনি পাশে টেবিলে বসে জমা ভাউচার লিখছিলেন। এ সময় প্রতারক চক্রের এক সদস্য সুযোগ বুঝে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার প্রধান মে. শরীফুল হক বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন এবং টাকার দিকে নজর রাখেননি। গ্রাহকের অসাবধানতার সুযোগ নিয়েই চোর চক্রটি টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যায়।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh