
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও গোপন তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। একই দিন রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় এ মামলাটি করেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখতে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অনুসন্ধানের অংশ হিসেবে গত ১০ নভেম্বর জাহাঙ্গীর আলমের ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে তাঁর দপ্তরে ডেকে পাঠান এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। সেখানে প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত মেলায় তাঁর দুটি ফোন জব্দ করার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রশাসনিক কিছু বিষয়ে জাহাঙ্গীর আলমকে ডেকে পাঠানো হয়েছিল এবং ঘটনার সুষ্ঠু তদন্তে অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি কাজ করছে।
কর্মজীবনের তথ্য অনুযায়ী, ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগদান করেন জাহাঙ্গীর আলম। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
আপনার মতামত লিখুন :