Facebook Twitter Instagram YouTube

২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে


প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ / ০
২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কার্যক্রম ও প্রস্তুতির দিক নিয়ে আলোচনা করেছে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সভায় এসব বিষয় চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এবারের সমাবর্তনে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তাকে সম্মানসূচক 'ডক্টর অব লজ' ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক 'ডক্টর অব সায়েন্স' ডিগ্রি প্রদান করা হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের সভায় এই সম্মানসূচক ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য একটি নির্বাহী কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।

প্রস্তুতি সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন এবং এ কে এম ফজলুল হক মিলনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও অফিসপ্রধানেরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh