
নিরাপত্তার স্বার্থে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ রোধে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা আদালতের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। তাই প্রধান বিচারপতি, বিচারপতিবৃন্দ এবং মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা লক্ষ্য করা গেছে, যা সার্বিক নিরাপত্তার জন্য বিঘ্ন সৃষ্টি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রয়োজনে রাতে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আপনার মতামত লিখুন :