Facebook Twitter Instagram YouTube

সিন্ডিকেট ও মজুতদারি: ইসলামে যা হারাম এবং এর ভয়াবহ শাস্তি


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ণ / ০
সিন্ডিকেট ও মজুতদারি: ইসলামে যা হারাম এবং এর ভয়াবহ শাস্তি

বর্তমান বাজার পরিস্থিতিতে সিন্ডিকেট ও মজুতদারির কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম দুর্ভোগের মুখে পড়েছে। সাধারণ মানুষ টিসিবির লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষাকৃত কম মূল্যে পণ্য কিনতে বাধ্য হচ্ছে, যার মূল কারণ এই অভিশপ্ত সিন্ডিকেট। সরকার প্রতিটি পণ্যের জন্য একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দিলেও, কুচক্রী মহল সেই সুযোগ নিয়ে পণ্য রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তীতে বাজারে যখন পণ্যের সংকট দেখা দেয়, তখন তারা ইচ্ছেমতো মূল্যবৃদ্ধি করে পণ্য বাজারজাত করে, যার ফলে পণ্যের দাম আকাশচুম্বী হয় এবং তা সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়।

ইসলামে অতি মুনাফার উদ্দেশ্যে খাদ্যসামগ্রী মজুত করাকে কঠোরভাবে হারাম ঘোষণা করা হয়েছে। এটি খাদ্যদ্রব্যের সুষম বণ্টনের একটি গুরুত্বপূর্ণ দিক। মজুতদারির কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী গুটিকয়েক ব্যক্তির হাতে চলে যায় এবং তারা নিজেদের ইচ্ছামতো মূল্য হ্রাস-বৃদ্ধি করে, যা সম্পূর্ণ অমানবিক ও নৈতিকতাবিরোধী কাজ। এজন্য ইসলামে সিন্ডিকেটকে সম্পূর্ণ নাজায়েজ ও হারাম বলা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'শুধু পাপী ব্যক্তিই মজুতদারি বা সিন্ডিকেট করে থাকে।' (মুসলিম : ১৬০৫)। ফিকহের কিতাবে উল্লেখ আছে যে, বেশি মূল্যে খাদ্য বিক্রির উদ্দেশ্যে বাজারমূল্য কম থাকাবস্থায় খাদ্যদ্রব্য ক্রয় করে গুদামজাত করা এবং অত্যধিক প্রয়োজনের সময় উচ্চমূল্যে তা বিক্রয় করা—সব ইসলামি আইনজ্ঞের কাছে হারাম। (আল-ফিকহুল মুয়াসসার : ৬/৪৫)।

প্রথম আরবি অভিধান রচয়িতা খলিল ইবনে আহমদ আল-ফারাহিদি (রহ.) মজুতদারিকে 'খাদ্যদ্রব্য বা খাদ্যজাত অন্যান্য জিনিস মজুত করা' হিসেবে সংজ্ঞায়িত করেছেন, যার অর্থ 'জমা করা'। তিনি বলেন, যে ব্যক্তি মূল্যবৃদ্ধির আশায় খাদ্যদ্রব্য জমা করে রাখে, তাকে মজুতদার বলে। (আল-আইন : ৩/৬২)। হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.) এর পারিভাষিক অর্থে বলেন, নিজের প্রয়োজন মুক্ত থাকা সত্ত্বেও এবং জনগণের প্রয়োজন থাকা সত্ত্বেও মূল্যবৃদ্ধির আশায় খাদ্যদ্রব্য বিক্রি করা থেকে বিরত থাকাকে সিন্ডিকেট বা মজুতদারি বলে। (ফাতহুল বারি ফি শরহিল বুখারি : ৪/৪৪০)। ইমাম আওজায়ি (রহ.) এর মতে, যে ব্যক্তি পণ্য বাজারজাত করার পথে প্রতিবন্ধক হয়, সে-ই মজুতদার। অর্থাৎ বাজারে বাজারে ঘুরে মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুতকরণের উদ্দেশ্যে ক্রয় করার কাজে যে নিজেকে নিয়োজিত করে, তাকে মজুতদার বলে। (নাইলুল আওতার : ৩/৬০৫)।

ইসলাম সমাজের বণিক, ধনী, দুস্থ, অসহায় সব শ্রেণির মানুষের জন্য খাদ্যসামগ্রীর অবাধ প্রাপ্যতা নিশ্চিত করতে খাদ্যের অবৈধ মজুত নিষিদ্ধ করেছে। মানুষের দৈনন্দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, খাদ্যসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপাদান, উপকরণ, খাদ্যশস্য ইত্যাদি চড়াদামে বিক্রির ইচ্ছায় মজুত করা হারাম। (আল-জামে লি উলুমি ইমাম আহমদ : ৯/১৫৯)। ইমাম আবু দাউদ (রহ.) ইমাম আহমদ বিন হাম্বল (রহ.)-কে জিজ্ঞেস করেছিলেন, 'কোন জিনিস গুদামজাত করা নিষেধ?' উত্তরে ইমাম আহমদ বলেন, 'মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস। অর্থাৎ যেসব ক্ষেত্রে মানুষের জীবন ও জীবিকা (খাদ্য) রয়েছে, সেসব ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করা হারাম।'

সব ধরনের মজুতদারি হারাম নয়। সমাজে প্রচলিত কিছু হারাম মজুতদারির ধরন হলো: ১. স্বল্পমূল্য চলাকালে খাদ্যদ্রব্য ক্রয় করে বেশি লাভের আশায় এমনভাবে গুদামজাত করা, যার ফলে বাজারে তার প্রতিক্রিয়া পড়ে। ২. কোনো দ্রব্য এমন পরিমাণে গুদামজাত করা, যে কারণে ক্রেতা সাধারণত সে পণ্যের চরম সংকটের সম্মুখীন হয়। ৩. মানুষের খাদ্যদ্রব্য সংকট অবস্থায় যেকোনো পরিমাণ খাদ্যদ্রব্য গুদামজাত করা। ৪. বাজারে কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টির জন্য গুদামজাত করা। এসব অবস্থায় মাল গুদামজাত করা নিষিদ্ধ ও গোনাহের কাজ।

সিন্ডিকেট শুধু ব্যবসার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; গাড়ি, লঞ্চ বা ট্রেনের টিকেটের ক্ষেত্রেও এর প্রভাব দেখা যায়। টিকেট থাকা সত্ত্বেও 'টিকেট নেই' অজুহাত দেখিয়ে গাড়ির মালিকরা যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায়ের জন্য টিকেট সিন্ডিকেট করে। এটি বর্তমানে এক ধরনের মহামারির আকার ধারণ করেছে। এসব সিন্ডিকেটের দ্বারা মূলত পাইকারি, মধ্যস্থতাকারী, খুচরা ব্যবসায়ী ও মালিকপক্ষ লাভবান হয়, আর আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। ইসলাম এ ধরনের বৈষম্য ও জুলুম চিরতরে হারাম ঘোষণা করেছে, কারণ এতে গরিব-দুঃখী ও অসহায় মানুষ কষ্টে ভোগে। আল্লাহর কাছে তাদের ফরিয়াদ সমাজ ও রাষ্ট্রের জন্য দুর্ভিক্ষসহ নানা কঠিন আজাব বয়ে আনতে পারে। আল্লাহতায়ালা বলেন, 'যেসব লোক বিনা দোষে মোমিন পুরুষ ও নারীকে কষ্ট দেয়, তারা অতি বড় একটা মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গোনাহের বোঝা নিজেদের মাথায় তুলে নেয়।' (সুরা আহজাব : ৫৮)।

মজুতদারদের প্রতি রাসুলুল্লাহ (সা.) অভিসম্পাত করেছেন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, 'আমদানিকারক রিজিকপ্রাপ্ত আর মজুদদাররা লানতপ্রাপ্ত, অভিশপ্ত।' (মুসনাদে দারেমি : ২৫৮৬)। রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, 'যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্য মজুত করে, আল্লাহ তাকে কুষ্ঠরোগে আক্রান্ত করবেন অথবা দেউলিয়া বানাবেন।' (আল-মুন্তাখাবুল আদাবি : ১৭)। রাসুলুল্লাহ (সা.) মজুতদারদের পাপিষ্ঠ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, 'পাপিষ্ঠ ছাড়া কেউ মজুতদার হতে পারে না।' (মুসলিম : ১২২৮)।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh