
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। নিহতের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। পথে তারাগঞ্জ পার হওয়ার পর বাসের অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে তাঁর চাচা আতিক বসুনিয়াকে জিম্মি করে রাখা হয়। আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। সেই টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁকে জিম্মি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
আতিক বসুনিয়া ঘটনার বর্ণনা দিয়ে বলেন, 'আমার কাছে টাকা ছিল। সবাইকে নামায় দিলেও আমাকে নামায় দেয়নি। গাড়ির হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেছিল। তখন মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে গাড়ি চলন্ত অবস্থায় দুজনকে লাথি মেরে ফেলে দেয়।' আতিক জানান, তিনি চিৎকার করলে একটি মাইক্রোবাস ঘটনাটি দেখে চিকলীতে পথরোধ করে এবং স্থানীয় লোকজন ছুটে এসে বাসটি আটক করে। স্থানীয়রা এগিয়ে না এলে তাঁকেও বাস থেকে ফেলে হত্যা করা হতো।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখেন উদ্ধারকারীরা। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকারী দলের সদস্য ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি, বরং স্থানীয়দের ভাষ্যমতে ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় গাড়ির চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :