Facebook Twitter Instagram YouTube

টিসিবির জন্য ছোলা ও রাইস ব্রান তেল কিনবে সরকার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ /
টিসিবির জন্য ছোলা ও রাইস ব্রান তেল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৯ হাজার মেট্রিক টন ছোলা এবং এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপস্থাপিত পৃথক দুটি প্রস্তাব অনুমোদন করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ হাজার মেট্রিক টন ছোলা কেনা হবে। এতে ব্যয় হবে ৭৬ কোটি ২১ লাখ ১২ হাজার ৮০০ টাকা। ভ্যাট ও করসহ প্রতি কেজি ছোলার দাম পড়বে ৮৪ টাকা ৬৭ পয়সা। এই ছোলা সরবরাহের জন্য অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের হরশাম এলাকার প্রতিষ্ঠান 'অস্ট-গ্রেইন এক্সপোর্টস'-কে সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লিটার ধারণক্ষমতার পিইটি বোতলে এক কোটি লিটার রাইস ব্রান তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা এবং ভ্যাট ও করসহ প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮১ টাকা ৫০ পয়সা।

তেল সরবরাহের জন্য চারটি প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ এবং প্রধান অয়েল মিলস লিমিটেড ২০ লাখ লিটার করে তেল সরবরাহ করবে। এছাড়া মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড ও মজুমদার প্রোডাক্টস লিমিটেড ৩০ লাখ লিটার করে তেল সরবরাহ করবে। এর মধ্যে মজুমদার প্রোডাক্টস লিমিটেডের ৩০ লাখ লিটার তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪ কোটি ৪৫ লাখ টাকা। বাকি তিন প্রতিষ্ঠানও দরপত্রে সুপারিশকৃত পরিমাণ অনুযায়ী তেল সরবরাহ করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din