Facebook Twitter Instagram YouTube

নওগাঁয় বিআরটিসি বাসচাপায় জয়পুরহাটের শিক্ষক নিহত


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ / ০
নওগাঁয় বিআরটিসি বাসচাপায় জয়পুরহাটের শিক্ষক নিহত

নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিআরটিসির একটি বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ইউসুফ তার স্কুটি চালিয়ে কর্মস্থল জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে নওগাঁ শহরের দয়ালের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার স্কুটির সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে যান।

ঠিক সেই মুহূর্তে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির বিআরটিসির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh