
বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই গ্রামের বাসিন্দা মো. ফারুকের দুই সন্তান ফাহিম (৮) ও সুরাইয়া খাতুন (৬) এবং তাদের প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশু তিনটি বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে গোসল করতে নামে। পানিতে লাফালাফি করার এক পর্যায়ে সাঁতার না জানায় তারা ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়রা জাকিরুলের চুল পানির ওপর ভেসে থাকতে দেখে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকারীরা জাকিরুল ও সুরাইয়ার মরদেহ পানি থেকে তুলে আনেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করেন।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :