
সমুদ্র, পাহাড়, বন, নদী, দ্বীপ, প্রত্নসম্পদ আর বৈচিত্র্যময় সংস্কৃতির মতো পর্যটনের জন্য প্রয়োজনীয় প্রায় সব উপাদানই বাংলাদেশে বিদ্যমান। কক্সবাজারের দীর্ঘতম সমুদ্রসৈকত, সুন্দরবনের জীববৈচিত্র্য, পার্বত্য চট্টগ্রামের পাহাড়, সিলেটের চা-বাগান এবং পাহাড়পুর বৌদ্ধ বিহার বা ষাটগম্বুজ মসজিদের মতো ঐতিহাসিক নিদর্শনের বিপুল সম্ভাবনা থাকলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান এখনো সীমিত। এই সম্ভাবনাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে সরকার এখন বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, পর্যটন খাতের অবদান জিডিপির বর্তমান ২ থেকে ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ থেকে ৭ শতাংশে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে আগামী ডিসেম্বরের মধ্যে পর্যটন খাতের মাস্টারপ্ল্যান হালনাগাদ করার কাজ শেষ করার প্রত্যাশা করছে সরকার। এই মাস্টারপ্ল্যানের ওপর ভিত্তি করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মসূচি নেওয়া হবে।
সচিব আরও জানান, পর্যটন খাতের প্রকৃত চিত্র জানতে তথ্য-উপাত্তের ঘাটতি পূরণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আওতায় ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থান, পর্যটকের সংখ্যা এবং জিডিপিতে এ খাতের প্রকৃত অবদান সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। তিনি বলেন, এসব তথ্যের ভিত্তিতে পর্যটকদের আগ্রহের জায়গাগুলো চিহ্নিত করে সেগুলোর উন্নয়ন করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা নিয়ে প্রশ্ন না থাকলেও তা পরিকল্পিতভাবে কাজে লাগানোর ক্ষেত্রে ঘাটতি রয়েছে। কক্সবাজার, সুন্দরবন, সিলেট, হাওর অঞ্চল এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে ঘিরে ইকো, কালচারাল ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্যাপক সুযোগ রয়েছে। তবে ভালো যোগাযোগব্যবস্থা, মানসম্মত হোটেল-মোটেল, পর্যাপ্ত বিনোদন সুবিধা ও নিরাপত্তার ঘাটতির কারণে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা কঠিন হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিং ও বিপণনের অভাবকেও একটি বড় দুর্বলতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান জানান, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হলে প্রথমেই ভ্রমণের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। বিভিন্ন দেশের ট্রাভেল অ্যাডভাইজরিতে বাংলাদেশকে 'রেড মার্ক' বা উচ্চ সতর্কতাপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করে রাখার বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। তিনি নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে ব্র্যান্ডিংয়ের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো এবং বিদেশি পর্যটকদের জন্য হেল্পলাইন কার্যকর করার ওপর গুরুত্ব দেন।
ওয়েসিস কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী জুয়েল খান মনে করেন, অবকাঠামো থাকলেও আন্তর্জাতিক মানের সার্ভিস কালচার ও ব্র্যান্ডিংয়ের অভাবে বাংলাদেশ কাঙ্ক্ষিত বিদেশি পর্যটক পাচ্ছে না। তিনি দক্ষ জনবল ও সমন্বিত মার্কেটিং উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
পর্যটন খাত সংশ্লিষ্টরা আরও দাবি করছেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে কার্যকর করা, করছাড় ও প্রণোদনা প্রদান এবং ই-ভিসা সুবিধা সহজ করার মতো পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া পর্যটনশিল্পে নতুন সম্ভাবনা হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্যও 'ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন'।
উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়েছে মন্ত্রণালয়। এছাড়া পর্যটন খাতে উদ্ভাবন ও টেকসই উদ্যোগকে উৎসাহিত করতে এবারই প্রথম ১৩টি ক্যাটাগরিতে 'বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬' দেওয়া হবে। তবে সরকারের সামনে মূল চ্যালেঞ্জ শুধু মাস্টারপ্ল্যান তৈরি নয়, বরং এর কার্যকর বাস্তবায়ন।
আপনার মতামত লিখুন :