
ফ্রান্সে চলমান নজিরবিহীন ছাত্র আন্দোলনের জন্য ইসলাম ও অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (০৬ অক্টোবর) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, ফ্রান্সের বর্তমান পরিস্থিতি মূলত ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ব্যাপক অভিবাসনের’ ফল। ট্রাম্পের ভাষায়, ‘এটা স্কুলের বিষয় নয়। এটা ইসলাম নিয়ে। ইসলাম একসময় মহান একটি দেশকে দখল করতে চাইছে।’ তবে ট্রাম্প তার এই বিস্ফোরক দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
ফ্রান্সের ছাত্র আন্দোলনের সঙ্গে ইসলাম কিংবা ধর্মীয় কোনো পরিচয়ভিত্তিক দাবির এখন পর্যন্ত কোনো যোগসূত্র পাওয়া যায়নি। উন্নত শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধার দাবিতে সেপ্টেম্বরের শেষ দিক থেকে শিক্ষার্থীরা ফ্রান্সের শত শত উচ্চবিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে রেখেছেন। এই আন্দোলনের জের ধরে বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার ফ্রান্স জুড়ে প্রায় আড়াই লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের ‘মাগা’ শিবিরের নেতারা ফ্রান্সের এই বিক্ষোভকে অভিবাসন ইস্যুতে নিজেদের রাজনৈতিক বক্তব্য জোরালো করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ট্রাম্পের মিত্র গ্লেন বেক ফ্রান্সের পরিস্থিতিকে পশ্চিমা বিশ্বের জন্য একটি ‘সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া ডানপন্থি ভাষ্যকার ডেভ রুবিন বিক্ষোভের ভিডিও পোস্ট করে দাবি করেছেন, ডেমোক্র্যাটরা পুনরায় ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রেও এমন পরিস্থিতি দেখা দিতে পারে।
আপনার মতামত লিখুন :