Facebook Twitter Instagram YouTube

ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ / ০
ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন

আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। হোয়াইট হাউস শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে এটিই হবে প্রথম ধরনের বৈঠক, যেখানে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক। তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করবেন বলে স্পষ্ট করেছেন। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, এই আলোচনার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশগুলোর মধ্যে একটি নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

অন্যদিকে, চীন দ্রুত তাদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বাড়াচ্ছে। তবে মার্কিন কর্মকর্তারা এই মুহূর্তে কোনো নতুন চুক্তি হওয়ার সম্ভাবনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, তারা এখনই কোনো চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা করছেন না, বরং এটিকে আলোচনার একটি প্রবেশদ্বার বা সূচনা হিসেবে দেখছেন। আশা করা হচ্ছে, নেতৃপর্যায়ে এই প্রথম আলোচনা ভবিষ্যতে ফলপ্রসূ কোনো সমঝোতার পথ তৈরি করবে।

বৈঠকে বিশ্বনেতারা ইরান নিয়েও আলোচনা করবেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে ইলন মাস্কের নাম থাকলেও, তিনি তিন নেতার এই ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন না। এদিকে, বেইজিং ও মস্কো এখনো আনুষ্ঠানিকভাবে এই ত্রিপক্ষীয় সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin