Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করল এফএএ


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ / ০
যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করল এফএএ

যুক্তরাষ্ট্রের আকাশপথের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশজুড়ে সব ধরনের বহির্গামী ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই যান্ত্রিক গোলযোগের কারণে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে।

এফএএ জানিয়েছে, উড়োজাহাজগুলোর আকাশপথে চলাচল নিয়ন্ত্রণকারী এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর মধ্যে যোগাযোগে সমস্যাটি তৈরি হয়েছে। তবে এই নির্দেশ জারির সময় যেসব উড়োজাহাজ আকাশে ছিল, সেগুলোকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এছাড়া সব ফ্লাইটের বর্তমান অবস্থান সম্পর্কে তারা অবগত রয়েছে বলে নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এ বিষয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কর্তৃপক্ষ সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে জানে। প্রাথমিক তদন্তে এই ঘটনার পেছনে কোনো পরিকল্পিত হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। আপাতত এটিকে টেলিযোগাযোগ ব্যবস্থার একটি ত্রুটি হিসেবেই দেখছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দেশজুড়ে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh