Facebook Twitter Instagram YouTube

বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ণ / ০
বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে

২০২৩-২৪ মৌসুমে ভিনিসিয়ুস জুনিয়র যে বিধ্বংসী ফর্মে ছিলেন, সেই ভিনিসিয়ুসের সাথে বর্তমানের ভিনিসিয়ুসের পারফরম্যান্সের পার্থক্য এখন আকাশ-পাতাল। গতি এবং ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণে ঝড় তোলা ভিনিসিয়ুস চলতি মৌসুমে ছন্দ হারিয়েছেন। এর ফলে প্লেয়ার ভ্যালুয়েশন বিশেষজ্ঞ ‘ট্রান্সফারমার্কেট’-এর সর্বশেষ আপডেটে তার বাজারমূল্যে বড় ধরনের ধস নেমেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বাজারমূল্য ১৪ কোটি ইউরো থেকে ১০ মিলিয়ন কমে ১৩০ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে, যা গত তিন বছরের মধ্যে তার সর্বনিম্ন অবস্থান। ২০২৪ সালের ডিসেম্বরে তার বাজারমূল্য সর্বোচ্চ ২০ কোটি ইউরো ছুঁয়েছিল, যা থেকে এখন পর্যন্ত ৭ কোটি ইউরো হ্রাস পেয়েছে। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় ১০ নম্বর অবস্থানে রয়েছেন। তালিকার শীর্ষে ২২ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে যৌথভাবে অবস্থান করছেন লামিনে ইয়ামাল ও আর্লিং হালান্ড।

ভিনিসিয়ুসের বর্তমান পারফরম্যান্স নিয়ে সমালোচনার শেষ নেই। রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে ৭ ম্যাচে তিনি মাত্র একটি গোল করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সাম্প্রতিক ডার্বিতে তার হতাশাজনক পারফরম্যান্স ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। দলের সতীর্থ কিলিয়ান এমবাপে (৩য়) এবং জুড বেলিংহামের (৫ম) চেয়েও পিছিয়ে পড়েছেন তিনি।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের আইভোরিয়ান তারকা ইয়ান দিওমান্দোর বাজারমূল্য ৯ কোটি ইউরো থেকে এক লাফে ১২ কোটি ইউরোতে উন্নীত হয়েছে। দিওমান্দো এখন ভিনিসিয়ুসের বেশ কাছাকাছি চলে এসেছেন এবং দ্রুতই তাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছিলেন ভিনিসিয়ুস।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh