Facebook Twitter Instagram YouTube

ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মুসলিমরা চরম ঝুঁকিতে


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ / ০
ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মুসলিমরা চরম ঝুঁকিতে

ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সবচেয়ে বড় ঘটনায় দেশজুড়ে ১৩ কোটি নাম মুছে ফেলা হয়েছে। তথ্য বলছে, এই বাদ পড়ার ঘটনা ভারতের বৃহত্তম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর আনুপাতিকভাবে বেশি প্রভাব ফেলেছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা বৈষম্য ও বর্জনমূলক নীতির শিকার হচ্ছেন বলে অধিকারকর্মীরা অভিযোগ করে আসছেন। অনেক ক্ষেত্রে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। বার্তা সংস্থা রয়টার্স ভারতের ১০টি পরিবারের ওপর পরিচালিত এক অনুসন্ধানে এসব তথ্য তুলে ধরেছে।

মুম্বইয়ের বাসিন্দা ৩৮ বছর বয়সী সাহিদা ফকিরের অভিজ্ঞতা এই পরিস্থিতির একটি খণ্ডচিত্র। ১৯ জুলাই সবজি কিনতে বেরিয়ে আর ফেরেননি তিনি। তার স্বামী ও দুই ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন সাহিদা বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরায় একটি গ্রামে বসবাস করছেন। সাহিদা জানিয়েছেন, সাদাপোশাকের পুলিশ সদস্যরা তাকে আটক করে তার ফোন কেড়ে নেয়, যেখানে তার পরিচয়পত্রের কপি সংরক্ষিত ছিল। পরে তাকে জোর করে সীমান্তের এপারে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের নথিতে দেখা গেছে, ওই কর্মকর্তারা মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সদস্য ছিলেন। সাহিদা জানান, রাত ১টার দিকে সীমান্তের একটি জনমানবহীন অংশ দিয়ে তাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। কাদায় মাখামাখি অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাকে আশ্রয় দেন। মুম্বই পুলিশ আদালতকে জানিয়েছে, তাকে আসামের সীমান্তে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং পরে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে বহিষ্কার করা হয়।

আদালতের নথি অনুযায়ী, ওই অভিযানে সাহিদাসহ ১৪৯ জনকে বহিষ্কার করা হয় এবং ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে। সাহিদা বলেন, তিনি কখনো কল্পনাও করেননি যে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, কারণ তার পুরো পারিবারিক বংশধারা ভারতের মাটিতে প্রোথিত। তার স্বামী জুম্মান আদালতে স্ত্রীর পক্ষে আইনি লড়াই করছেন। সাহিদার বাবা-মা ও দাদা-দাদির নাম ১৯৫২ সালের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার তালিকায় ছিল। ২০০২-০৩ সালের তালিকাতেও তাদের নাম ছিল। সাহিদার ভোটার পরিচয়পত্র অনুযায়ী, অন্তত ২০০৮ সাল থেকে তার নাম তালিকায় ছিল। তবে মুম্বইয়ের বিদেশি নাগরিকদের আঞ্চলিক নিবন্ধন কার্যালয় কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, সাহিদা একটি বাংলাদেশি জন্মসনদ জমা দিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণের বৈধ নথি দিতে ব্যর্থ হয়েছেন। সাহিদা এই দাবি অস্বীকার করে বলেছেন, পুলিশ তার ফোন কেড়ে নেওয়ায় তিনি নথি দেখানোর সুযোগ পাননি।

ভোটার তালিকা সংশোধন কার্যক্রম যে কথিত অবৈধ অভিবাসী শনাক্ত ও বহিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত, তা স্পষ্ট হয় ৫ নভেম্বর হরিয়ানার সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে। তিনি বলেন, বিজেপির সংকল্প হলো অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং পরে তাদের খুঁজে বের করে দেশ থেকে বহিষ্কার করা। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই কার্যক্রম ব্যাপক হারে চালানো হয়েছে। রাজ্য নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, নিবিড় যাচাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম, অথচ রাজ্যের মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম। সাবির আহমেদ বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বড় ভূমিকা ছিল।

কলকাতা হাইকোর্টে দায়ের করা আরেকটি আবেদনে নাসিরুদ্দিন শেখ ও আরও চারজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পর তাদের আটক করা হয়েছে, অথচ তাদের আপিল বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। নাসিরুদ্দিন জানান, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকে ও আরও ২২ জনকে আটক করে। তালিকায় নাম না থাকায় তাকে ৩২ দিন আটক থাকতে হয়। তিনি বলেন, পুলিশ তাকে বলেছিল, ভোটার তালিকায় আপনার নাম নেই, আপনি একজন বাংলাদেশি। নাসিরুদ্দিনের বর্ণনা অনুযায়ী, আটককেন্দ্রটি সব অর্থেই একটি জেলখানা ছিল যেখানে ৬০ জনেরও বেশি মানুষের জন্য বিছানা ছিল। রয়টার্সের সাংবাদিকরা মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য একটি অস্থায়ী আটককেন্দ্রের অস্তিত্ব দেখেছেন, যেখানে জানালা দিয়ে লোকজনকে উঁকি দিতে দেখা গেছে। মানবাধিকারকর্মী কিরিটি রায় জানান, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন থাকায় ভুক্তভোগীরা ন্যায়বিচারের অপেক্ষায় হতাশ হয়ে পড়েছেন। এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের কাছে মন্তব্য চাওয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি।

সাবির ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, আমরা ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনঅসন্তোষের বিষয়টি অস্বীকার করতে পারি না। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার বড় ভূমিকা ছিল। ৫ নভেম্বর উত্তর ভারতের হরিয়ানা রাজ্যে এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুটি কার্যক্রমের মধ্যে সরাসরি যোগসূত্র তুলে ধরেন। তিনি বলেন, বিজেপির সংকল্প হলো, আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেব। এরপর একে একে তাদের খুঁজে বের করে দেশ থেকে বহিষ্কার করব। পশ্চিমবঙ্গ মূলত বাংলা ভাষাভাষী মুসলিমদের বিরুদ্ধে দমনপীড়নের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। রাজ্যটিতে নাগরিকত্ব ও অভিবাসনের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় বৃটিশদের চিহ্নিত করা সীমান্ত এই অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে। সেই অস্থিরতার সময় লাখ লাখ মানুষ সীমান্ত পাড়ি দেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও ব্যাপক জনস্রোত তৈরি হয়। এর ফলে সীমান্তের দুই পাশে বহু পরিবার ও সম্প্রদায়ের বসতি গড়ে ওঠে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের কাছে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তারা কোনো জবাব দেয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin