
স্টাফ রিপোর্টার | হ্যালো নরসিংদী
ঢাকা, ১১ নভেম্বর ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “এই দেশের মুক্তিকামী মানুষের দাবি একটাই—আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। জুলাই বিপ্লবকে আইনি স্বীকৃতি না দিলে ২০২৬ সালের নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।”
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে ৮ দলীয় ঐক্যজোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন,
“আমাদের এক নম্বর দাবি হচ্ছে—জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। যারা এই বিপ্লবকে মানবে না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নেই। নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে, কারণ এর মাধ্যমেই জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হবে।”
তিনি আরও বলেন, “সব রাজনৈতিক দল গণভোট বিষয়ে একমত হয়েছে। তাহলে এখন তারিখ নিয়ে এই বিভ্রান্তি কেন? যখন সবাই স্বাক্ষর করেছে, তখন গণভোট আগে হওয়াটাই যৌক্তিক। এর মাধ্যমে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে, আর সেই ভিত্তিতেই নির্ভেজাল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—ইনশাআল্লাহ।”
আগামী নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে জামায়াত আমির বলেন,
“আমরা চাই, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। কেউ যেন ধোঁয়াশা সৃষ্টি করে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়াতে না পারে। দেশের মানুষ পরিবর্তন চায়, স্থিতিশীলতা চায়।”
সমাবেশে অন্যান্য নেতারাও জুলাই বিপ্লবের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নির্বাচন-পূর্ব গণভোট বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদারের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :