
মাদক কারবারের অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪) নামে দুজনকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। রোববার দিনগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
দক্ষিণখান থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহিনুর রহমান জানান, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও এর আশপাশের এলাকায় বিক্রি করতেন। এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, এএসআই মো. শফিকুল ইসলাম ওই থানায় অনিয়মিত হিসেবে দায়িত্বরত ছিলেন এবং তার গ্রেফতারের বিষয়টি তারা অবগত হয়েছেন।
আপনার মতামত লিখুন :