Facebook Twitter Instagram YouTube

নতুনধরা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সংগীতশিল্পী ফেরদৌস আরা


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ /
নতুনধরা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সংগীতশিল্পী ফেরদৌস আরা

দেশের আবাসন খাতের বর্তমান সংকট, অপরিকল্পিত নগরায়ণ এবং ভবিষ্যতে আবাসন ব্যবস্থার টেকসই সমাধানের লক্ষ্যে নতুনধরা গ্রুপের করপোরেট হেডকোয়ার্টার্সে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আবাসন শিল্পের সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা।

অনুষ্ঠানে নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান সভাপতিত্ব করেন। সভায় নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিতকরণ, পরিকল্পিত নগরায়ণ, ভূমি ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আবাসন ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ড. সাদী-উজ-জামান বলেন, আবাসন কেবল স্থাপনা বা জমি নয়, এটি মানুষের নিরাপদ ও সুন্দর জীবনের সাথে গভীরভাবে জড়িত। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে পরিবেশবান্ধব ও পরিকল্পিত আবাসন গড়ে তোলা বর্তমান সময়ের দাবি।

আলোচনা সভার এক পর্যায়ে বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরা নতুনধরা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে বিশিষ্ট এই শিল্পীর অংশীদারত্বের যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে নতুনধরা গ্রুপের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উপদেষ্টা সালাম মাহমুদ ও হাফিজ রহমান বক্তব্য রাখেন। এ সময় গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy