Facebook Twitter Instagram YouTube

কোরআন-সুন্নাহবিরোধী আইন পাসের অভিযোগ, সংসদে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সম্মিলিত ইসলামী ঐক্যজোটের


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ /
কোরআন-সুন্নাহবিরোধী আইন পাসের অভিযোগ, সংসদে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সম্মিলিত ইসলামী ঐক্যজোটের

 

নিজস্ব প্রতিবেদক:

সংসদে কোরআন ও সুন্নাহর নির্দেশনার পরিপন্থী আইন পাসের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। একই সঙ্গে পাস হওয়া আইনটি পুনর্বিবেচনা করে পূর্বের আইন বহাল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

 

সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান ও মহাসচিব মাওলানা হারিছুল হক এসব কথা বলেন।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ক্ষমতায় আসার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল—ক্ষমতায় গেলে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন পাস করা হবে না। কিন্তু সম্প্রতি সংসদে পাস হওয়া একটি আইনকে কোরআনে বর্ণিত বিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তারা প্রশ্ন তোলেন, ‘কোন পরামর্শ ও যুক্তির ভিত্তিতে এমন আইন পাস করা হলো, তা আমাদের বোধগম্য নয়।’

 

তারা আরও বলেন, ইসলামবিরোধী কোনো আইন করা হবে না—এমন প্রতিশ্রুতির কারণেই তারা বিএনপিকে সমর্থন করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রতি সেই প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান তারা।

 

নেতৃবৃন্দ ৯০ শতাংশ মুসলমানের দেশে সংসদে পাস হওয়া আইনটি জরুরি ভিত্তিতে পুনর্বিবেচনা করে আগের আইন বহাল রাখার দাবি জানান।

 

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের আশপাশে কোনো কর্মকর্তা সরকারের ঘোষিত নীতি ও আদর্শের পরিপন্থী অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছেন কি না, তা যাচাই-বাছাই করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আইনটি পরিবর্তন না হলে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়।

 

সম্মিলিত ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ দ্রুত বিষয়টি পর্যালোচনা করে জনগণের প্রত্যাশা ও তাদের ঘোষিত প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।