
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির নথি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশের পাঠানো পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের (এমএলএআর) জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এই তদন্ত প্রতিবেদন ও সম্পত্তি সংক্রান্ত রেকর্ড পাঠিয়েছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম আজ সোমবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। দুদকের মানিলন্ডারিং-২ শাখার একটি চিঠিতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি জানান, জাবেদ দম্পতির যুক্তরাষ্ট্রে থাকা কথিত অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করার বিষয়ে সহযোগিতা চেয়ে বাংলাদেশ থেকে এমএলএআর পাঠানো হয়েছিল। গত বছরের ১৯ মে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (ওআইএ) বাংলাদেশের এই অনুরোধ গ্রহণ করে। এরপর যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এফবিআই তদন্ত প্রতিবেদন ও সম্পত্তির রেকর্ড বাংলাদেশের কাছে পাঠায়, যা সম্প্রতি দুদকের হাতে পৌঁছেছে।
তবে এফবিআইয়ের এই প্রতিবেদনে জাবেদ দম্পতির ঠিক কী পরিমাণ সম্পদের তথ্য রয়েছে বা কতগুলো সম্পত্তি শনাক্ত করা হয়েছে, সে বিষয়ে দুদক এখনো বিস্তারিত কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রে থাকা কোনো সম্পদ ইতিমধ্যে জব্দ বা বাজেয়াপ্ত করা হয়েছে কি না, তাও নিশ্চিত করেনি কমিশন। জাবেদ দম্পতির মার্কিন সম্পদের বর্তমান মূল্য জানতে চাইলে দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, ‘পরে তথ্য পাওয়া গেলে সাংবাদিকদের জানানো হবে।’
এর আগে গত ১৩ জানুয়ারি ঢাকার একটি আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের সাতটি দেশে থাকা মোট ১ হাজার ৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দেন। ওই আদেশে যুক্তরাষ্ট্রে থাকা সম্পত্তির ক্রয়মূল্য হিসেবে ৪৩৬ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ২৪২ টাকা উল্লেখ করা হয়েছিল। তবে দুদক জানিয়েছে, আদালতের আদেশে থাকা ক্রয়মূল্য এবং এফবিআইয়ের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে আসা সম্পদের বর্তমান বাজারমূল্য এক নয়। তাই যুক্তরাষ্ট্রে থাকা এই দম্পতির সম্পদের বর্তমান মূল্য ৪৩৬ কোটি ৮৮ লাখ টাকা—এমন দাবি এখনই করা যাচ্ছে না।
বর্তমানে এফবিআইয়ের পাঠানো এসব নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করছে দুদক। এসব সম্পদের মালিকানা, অর্থের উৎস, লেনদেনের ধরন এবং অর্থ পাচারের গতিপথ বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :