Facebook Twitter Instagram YouTube

ঢাকার চারপাশে ৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ /
ঢাকার চারপাশে ৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস

ঢাকার চারপাশের ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ওয়াটার বাস সার্ভিস চালু করা হচ্ছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য নিশ্চিত করেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, রাজধানীর চারপাশের তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু নদীসহ বিস্তৃত নৌপথকে সচল করা গেলে সড়কপথের ওপর চাপ অনেক কমে আসবে। এর ফলে ঢাকার যানজট নিরসনেও বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। এই সেবা পুনরায় চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরিবেশ তৈরির কাজ শুরু করেছে।

মন্ত্রী জানান, প্রায় এক দশক আগে ঢাকার চারপাশে ওয়াটার বাস সার্ভিস চালু করা হয়েছিল। তবে গত ১০ বছরে এই সেবাটি থেকে প্রায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে, যার গড় বার্ষিক পরিমাণ ছিল প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আগের ত্রুটি ও সমস্যাগুলো চিহ্নিত করে এবার নতুন ব্যবস্থাপনায় এই সার্ভিসটি চালুর উদ্যোগ নিয়েছে।

ওয়াটার বাস চালুর পাশাপাশি ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়েও সংসদে কথা বলেন শেখ রবিউল আলম। তিনি জানান, নদীগুলোর তীরে ৪২৪টি দূষণকারী স্থান চিহ্নিত করা হয়েছে, যেখানে উদ্বেগজনক হারে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য ফেলা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঢাকার চারপাশের পাঁচটি নদীকে দূষণমুক্ত করার জন্য একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নৌপরিবহনমন্ত্রী। এই কার্যক্রম তদারকির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং গতকাল একটি সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে। নদীগুলো এরই মধ্যে পরিদর্শন করা হয়েছে এবং নদীর তীর পরিচ্ছন্ন রাখতে ওয়াসা, ঢাকার দুই সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ এবং পানিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin