Facebook Twitter Instagram YouTube

বিভিন্ন স্লোগানে মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির


Md. Munjurul Hasan প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ /
বিভিন্ন স্লোগানে মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এই সার্ভিস পরিচালনা করবে। বাসগুলোতে নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী হেলপার দায়িত্ব পালন করবেন।

আজ এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

নারীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিআরটিসির মহিলা বাসে বিভিন্ন স্লোগান নির্ধারণ করা হয়েছে। স্বস্তির আরেক নাম, নারী বান্ধব বিআরটিসি বাস। নারীর পথচলায় ভয়ের শেষ, নিরাপদ বাসেই এগোবে দেশ। নিরাপদ যাত্রা কর্মে গতি-নারীর হাতেও অর্থনৈতিক শক্তি। নিরাপদ পথচলায় নারী, সমৃদ্ধির দেশ গড়ি। নিরাপদ যাত্রা নারীর অধিকার, নারীবান্ধব বাস হোক সবার অঙ্গীকার। নারীর হাতে ঘুরবে চাকা, বদলে যাবে আগামীর ঢাকা। কর্মে যাবো মহিলা বাসে, ভোগান্তি পেরিয়ে উন্নতি আসে। নারী চালকের গাড়িতে, নিরাপদে ফিরি বাড়িতে। নারীর চালনায় যাত্রা করি, নিরাপদ বাংলাদেশ গড়ি।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক পত্রে ‘মহিলা বাস সার্ভিস’ সংক্রান্ত বার্তা ও স্লোগানসমূহ বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

সরকারের এ উদ্যোগ নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ আরো বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।