
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও প্রধান কার্যালয় বঙ্গভবনেই তিনি অফিস করবেন। তবে আবাসনের ক্ষেত্রে তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের বাসভবনটি ব্যবহার করবেন।
শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপরই সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম সরকারি কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ জুলাই) সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
আপনার মতামত লিখুন :