
পটুয়াখালীর কুয়াকাটায় দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক কে. এম. বাচ্চু খলিফাকে দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গিয়েছেন বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। শনিবার দুপুরে তারা হাসপাতালে পৌঁছে সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক আমার দেশ-এর বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সময়ের আলো-এর ব্যুরো চিফ এম. মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বর্তমান-এর ব্যুরো চিফ মো. মামুন-অর-রশিদ, কার্যনির্বাহী সদস্য জিয়া উদ্দিন বাবু, ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ, সদস্য লিটন বায়েজিদ ও কাজী সাইফুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
আহত সাংবাদিক কে. এম. বাচ্চু খলিফা জানান, সম্প্রতি একটি ধর্ষণচেষ্টার ঘটনা এবং অবৈধ দোকানপাট সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশের জের ধরেই পরিকল্পিতভাবে তার ওপর এই হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, ছাত্রদল ও যুবদলের কয়েকজন কর্মী এই হামলায় সরাসরি জড়িত এবং হামলার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
তিনি আরও জানান, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুয়াকাটা চৌরাস্তার ডাকবাংলোর সামনে থেকে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর নির্জন স্থানে নিয়ে তার দুই পা ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। কমিটির নেতৃবৃন্দ স্পষ্টভাবে বলেন, সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :