Facebook Twitter Instagram YouTube

বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়াতে রূপালী ব্যাংকের প্রচারণা


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ /
বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়াতে রূপালী ব্যাংকের প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা 'বাংলা কিউআর' (Bangla QR) সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ক্যাশলেস বা নগদহীন লেনদেন ব্যবস্থা সম্প্রসারণ করা।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলা কিউআর ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করে তুলবে। একটি ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার জন্য এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

কর্মসূচির অংশ হিসেবে মগবাজার মোড়, কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে, নয়াটোলা এবং রামপুরা এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তাদের বাংলা কিউআর ব্যবহারের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হয় এবং ক্যাশলেস লেনদেন বাড়াতে উদ্বুদ্ধ করা হয়।

প্রচারণা কর্মসূচিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম ও তানভীর হাসনাইন মইন এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া ব্যাংকের ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় কার্যালয়, ঢাকা সেন্ট্রাল জোনাল অফিস এবং মগবাজার, মালিবাগ, খিলগাঁও, নয়াটোলা ও রামপুরা শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh